
আন্তর্জাতিক ডেস্ক: টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভয়াবহ বন্যার কারণে রাজধানীকে ঘিরে থাকা ৫০টি জেলায় আনুষ্ঠানিকভাবে দুর্যোগপূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকক প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে টানা প্রায় ৪৮ ঘণ্টার বৃষ্টিতে ব্যাংককের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ সময়ে শহরটিতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়েছে।
অবিরাম বৃষ্টির কারণে ব্যাংককের বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। শহরের খালগুলোর পানি উপচে আশপাশের বাড়িঘর, দোকানপাট ও রেস্তোরাঁয় পানি প্রবেশ করেছে।
ব্যাংককের পূর্বাঞ্চল বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় পানি নিষ্কাশনের জন্য পাম্প ব্যবহার করা হচ্ছে। তবে খালগুলো ইতোমধ্যে পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় পানি সরাতে সমস্যা হচ্ছে।
তিনি আরও জানান, সামনে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে খালের আশপাশে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংককের উত্তরে একটি খালের পাশে বসবাসকারী ৬৭ বছর বয়সী ক্ষুদ্র ব্যবসায়ী সোমকিদ ফুয়েক-ঙ্গাম এএফপিকে বলেন, পানির উচ্চতা ক্রমেই বাড়ছে এবং এখন তা তার কোমর পর্যন্ত পৌঁছেছে।
তিনি জানান, বন্যার কারণে গত দুই দিন ধরে তার দোকান বন্ধ রাখতে হয়েছে। বাইরে বের হওয়ারও কোনো সুযোগ নেই।
স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বলছেন, এবারের বন্যার পরিস্থিতি ২০১১ সালের ভয়াবহ বন্যার চেয়েও গুরুতর হতে পারে।
বন্যা পরিস্থিতির মধ্যে ব্যাংককের বাসিন্দাদের সতর্ক করে গাড়ি নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ট।
এ ছাড়া জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরশীল শয্যাশায়ী রোগীদের সাময়িকভাবে হাসপাতালে থাকার বিষয়টি বিবেচনা করার জন্য স্বজনদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বন্যাকবলিত এলাকাগুলোতে পানি নিষ্কাশন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
থাইল্যান্ডে ২০১১ সালে ভয়াবহ বন্যায় দেশটির বড় একটি অংশ প্লাবিত হয়েছিল। ওই বন্যায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং বিপুলসংখ্যক বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এবার ব্যাংককে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ অব্যাহত রেখেছে।