
সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কের আল-খোমরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম। তাদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ছুটিতে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন প্রবাসী বাংলাদেশি তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি আল-খোমরা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি টায়ার বিস্ফোরিত হয়।
এ সময় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা চালকসহ চার বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবরটি ছড়িয়ে পড়লে নিহতদের স্বজন, বন্ধু ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এদিকে, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। কনস্যুলেটের কাউন্সেলর খন্দকার সেরাজুস সালেকিন জানিয়েছেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মরদেহ দেশে পাঠানোসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনি সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, নিহতদের পরিবারের সদস্যরা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করলে তাদের প্রয়োজনীয় সহায়তা ও আইনি সহযোগিতা নিশ্চিত করা হবে।