
নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণ ও আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়াতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী অক্টোবর মাসেই এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী বলেন, এয়ারবাসের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত কোনো রাজনৈতিক বা বাণিজ্যিক চাপের কারণে নেওয়া হয়নি। দেশের এভিয়েশন খাতের প্রয়োজন, বিমানের ভবিষ্যৎ বহর পরিকল্পনা এবং ব্যবসায়িক স্বার্থ বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৭টি বর্তমানে কার্যক্ষম অবস্থায় আছে। বাকি দুটি উড়োজাহাজ প্রায় বাতিল বা গ্রাউন্ডেড হওয়ার পর্যায়ে রয়েছে।
বিমানমন্ত্রী জানান, আগামী কয়েক বছরের মধ্যে বর্তমান বহরের আরও কয়েকটি উড়োজাহাজ পুরোনো হয়ে যাবে। ফলে বহরের সক্ষমতা ধরে রাখতে এবং আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখতে নতুন উড়োজাহাজ প্রয়োজন।
দীর্ঘমেয়াদি বহর পরিকল্পনার অংশ হিসেবে এয়ারবাসের পাশাপাশি বোয়িংয়ের উড়োজাহাজও কেনার প্রক্রিয়া চলছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১১টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে চুক্তিবদ্ধ ১৪টি উড়োজাহাজসহ মোট ২৫টি বোয়িং বিমানের প্রক্রিয়া চলমান রয়েছে।
এর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ।
নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার সময়সূচি সম্পর্কে মন্ত্রী বলেন, উড়োজাহাজ কেনার বিষয়টি দীর্ঘমেয়াদি। বোয়িংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ উড়োজাহাজগুলোর প্রথমটি ২০৩১ সালে পাওয়ার কথা রয়েছে। এরপর ২০৩২ থেকে ২০৩৪ সালের মধ্যে পর্যায়ক্রমে অন্য উড়োজাহাজগুলো বহরে যুক্ত হবে।
অন্যদিকে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ ২০৩৫, ২০৩৬ ও ২০৩৭ সালে পর্যায়ক্রমে দেশে আসবে বলে জানান তিনি।
নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হতে কয়েক বছর সময় লাগায় এর মধ্যবর্তী সময়ে বিমানের রুট ও ফ্লাইট স্লট সচল রাখতে লিজের মাধ্যমে অন্তত ১০টি উড়োজাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর ফলে স্বল্পমেয়াদে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়বে এবং আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথের বড় একটি অংশ বিদেশি এয়ারলাইনসগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব সক্ষমতা বাড়ানো গেলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন জনপ্রিয় গন্তব্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
একই সঙ্গে নিউইয়র্ক ও সিডনির মতো গুরুত্বপূর্ণ ও লাভজনক গন্তব্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু এবং জাপানে দ্বিতীয় ফ্লাইট চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
বিমান বহর শক্তিশালী করার মাধ্যমে দেশের এভিয়েশন খাতকে আরও সক্ষম করে তোলা এবং বিদেশি এয়ারলাইনসের মাধ্যমে দেশের বাইরে চলে যাওয়া বৈদেশিক মুদ্রার একটি অংশ দেশে ধরে রাখার লক্ষ্য রয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, বিমানের বহর বড় হলে যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে সাধারণ যাত্রীদের জন্য টিকিটের দাম আরও সাশ্রয়ী পর্যায়ে নিয়ে আসার সুযোগ তৈরি হবে।