
অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হয়।
আদেশে বলা হয়েছে, ‘প্রশাসনিক কারণে’ ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন।
পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানায় পুলিশ।
এ ঘটনায় পরবর্তী সময়ে অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।