
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা মহানগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। নগরীর প্রবেশমুখসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বসানো হয়েছে আড়াই শতাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে যানবাহনে তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।
বিশেষ অভিযানে ডিএমপির রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৭৬ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১২০ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি প্রিসিশন পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ, ৫৩টি পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ছাড়া একটি গাড়ি, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ২০০ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।