
ডিজিটাল রিপোর্ট: রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।
সংস্থাটি জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে মেট্রোরেল স্টেশনের নিচে থাকা বিভিন্ন অবৈধ দখল ও ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত ও স্টেশনসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অননুমোদিত স্থাপনাও উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্টদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, অভিযানের পর কারওয়ান বাজার ও ফার্মগেইট মেট্রোরেল স্টেশন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে। এর ফলে যাত্রীদের চলাচলের জন্য আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ডিএমটিসিএলের নিজস্ব নিরাপত্তা সদস্যরা সহযোগিতা করেন।
এর আগে রাজধানীর আরও কয়েকটি মেট্রোরেল স্টেশন এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি সংশ্লিষ্টদের জরিমানা করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।