
নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সারা দেশের পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেজর আখতারুজ্জামান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, তিনি যেভাবে কথা বলেছেন, তা অনেকের পছন্দ নাও হতে পারে। তবে বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করার কারণে মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে হেনস্তা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
জামায়াত আমিরের দাবি, তাকে অপমান করার উদ্দেশ্যে হেলমেট পরানো হয়েছে। এ ধরনের আচরণ নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
ডেঙ্গুতে দেশে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ডেঙ্গুর কারণে অনেক মায়ের বুক খালি হয়েছে। তাঁর অভিযোগ, বর্তমান সরকার ডেঙ্গুর জন্য আগের সরকারকে দায়ী করেছে, কিন্তু এখনো মানুষ মারা গেলেও নিজেদের ব্যর্থতা স্বীকার করা হচ্ছে না।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিশ্বে টিকা রয়েছে। সরকার যদি নিজ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারে, তাহলে বেসরকারিভাবে টিকা আনার সুযোগ উন্মুক্ত করে দেওয়া উচিত।
ডেঙ্গু প্রতিরোধে শুধু লিফলেট বিতরণ বা জনসচেতনতামূলক প্রচারণার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিরোধী দল হিসেবে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কর্মসূচি পরিচালনার কথাও জানান।
সরকারের দায়িত্বের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সরকারের কাজ জনগণকে পাহারা দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা; সরকার ঘুমাবে আর জনগণ জেগে থাকবে—এটা হতে পারে না।
তিনি বলেন, জনগণ যেন নিরাপদে ঘুমাতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার যদি জনগণকে নিরাপত্তা দিতে না পারে, তাহলে এমন সরকারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন ওঠে।
মশা নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দায়িত্ব যথাযথভাবে পালন করলে সরকারকে সাধুবাদ জানানো হবে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।