
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নাসীরুদ্দীন পাটোয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় প্রতীক ‘শাপলা’ নিয়ে তারা দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সভায় নাহিদ ইসলাম বলেন, নগরবাসীর সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে দলীয় প্রার্থীদের গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক জনসম্পৃক্ততা বাড়ানো এবং নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ওপর জোর দেন তিনি।
মতবিনিময় সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা নিয়ে সতর্ক থাকার বিষয়েও নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন যারা
মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। নাগরিকদের স্থানীয় সমস্যা ও প্রত্যাশাগুলো চিহ্নিত করে সেগুলোকে নির্বাচনী কার্যক্রমের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার পরিকল্পনাও রয়েছে দলটির।