
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে সাবেক বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেম এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে যোগদানকারীদের ফুল ও ইসলামী বই উপহার দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।
যেসব শ্রেণি-পেশার মানুষ যোগ দিলেন
দলটির পক্ষ থেকে জানানো হয়, জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ।
এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ুন কবিরসহ বিভিন্ন পেশাজীবীও যোগদান করেন বলে জানানো হয়েছে।
রাজনৈতিক অঙ্গন থেকে বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর যোগদানের কথা জানায় জামায়াত।
এ ছাড়া ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদ, গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, বাংলাদেশ নূরানি শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এবং কওমি আলেমদের মধ্যে মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী), মাওলানা হাসান জামিল প্রমুখের নাম উল্লেখ করা হয়েছে।
দাওয়াতি সমাবেশে নেতাদের বক্তব্য
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানি, বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, বংশাল থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকারসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, ন্যায়বিচার, সুশাসন এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে তারা সংগঠনের আদর্শ ও নীতির ভিত্তিতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে নতুন যোগদানকারীদের হাতে ফুল ও ইসলামী বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ যোগদানকে তাদের চলমান গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে।