নিজস্ব প্রতিবেদক: নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে গেছেন চার সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল। তবে শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী উপস্থিত না থাকায় এখনো তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তারা। মন্ত্রীর সঙ্গে দেখা করার আশায় প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে অবস্থান করছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে নন-এমপিও শিক্ষকদের চার সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ওই সময় মন্ত্রণালয়ে না থাকায় আন্দোলনরত শিক্ষকরা তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাননি।
তবে সচিবালয়ের ১৮ তলায় লিফটের সামনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সঙ্গে প্রতিনিধি দলের সদস্যদের কথা হয়েছে। সেখানে তারা নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি ও চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা ছাড়াই অনেক শিক্ষক-কর্মচারী নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন। এমপিওভুক্তির মাধ্যমে তাদের বেতন-ভাতা ও চাকরির নিশ্চয়তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা আন্দোলন করছেন।
এর আগে সোমবার সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন শুরু করেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। সেখান থেকে তাদের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং দাবিগুলো তুলে ধরতে শিক্ষা মন্ত্রণালয়ে যায়।
প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সামিয়া জাহান পান্না, সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পটুয়াখালীর বরোদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ এবং সিলেটের গোলকপুর হাজী আব্দুল হাফিজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. কবির উদ্দিন।
শিক্ষক প্রতিনিধি দলের সদস্যরা জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান তারা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।
এদিকে, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে অবস্থান করছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন বলে জানা গেছে।