রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী
Reporter Name
Update Time :
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
১৫৩
Time View
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং বিশ্ব রাজনীতির প্রভাবশালী দেশগুলোকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা সম্ভব।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপনসিবিলিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব হারিয়ে অন্য কোনো বৈশ্বিক সংকটের আড়ালে চাপা না পড়ে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ এবং কার্যকর কূটনীতির মাধ্যমে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে ফেরার পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, বিশ্ব রাজনীতির নেতৃস্থানীয় দেশগুলোর রাজনৈতিক ভূমিকা এবং জাতিসংঘের প্রত্যক্ষ সহযোগিতায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ তৈরি করা সম্ভব। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রত্যাবাসনই মূল লক্ষ্য
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে আশ্রয় নেওয়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা ও পূর্ণ মর্যাদা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানো। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা এবং প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রায় নয় বছর ধরে বাংলাদেশ মানবিক কারণে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সহায়তা দিয়ে আসছে। দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি চলতে থাকায় শরণার্থী শিবিরগুলোতে নানা ধরনের নিরাপত্তা ও সামাজিক সমস্যা তৈরি হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।
ক্যাম্পের নিরাপত্তা জোরদারের প্রয়োজন
ক্যাম্পের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা ও পরিবেশের ওপরও দীর্ঘমেয়াদি চাপ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পের চারপাশে সীমান্ত বেড়া নির্মাণ এবং নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা চালুর মতো পদক্ষেপ প্রয়োজন বলেও জানান তিনি।
তিনি বলেন, শুধু জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখলেই রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রত্যাবাসন পরিকল্পনা প্রয়োজন।
অতীতের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অতীতের রোহিঙ্গা প্রত্যাবাসন উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, আগেও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান সংকটেরও সমাধান করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, রোহিঙ্গা বিষয়ক নীতি প্রণয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বেসামরিক প্রশাসন, নিরাপত্তা ও প্রতিরক্ষা সংস্থাগুলোর সমন্বয়ে সমন্বিতভাবে কাজ করার কথাও তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, সুনির্দিষ্ট প্রত্যাবাসন পরিকল্পনা ছাড়া দীর্ঘদিন মানবিক সহায়তার ওপর নির্ভরতা চলতে থাকলে সংকটের রাজনৈতিক সমাধানের তাগিদ কমে যেতে পারে। তাই জরুরি সহায়তার পাশাপাশি দ্রুত একটি ‘ট্রানজিশনাল স্ট্র্যাটেজি’ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সহযোগিতা, জাতীয় ঐক্য এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের পথে এগিয়ে যেতে পারবে।
গোলটেবিল আলোচনায় ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রশাসনিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আইজিসিএফের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আদনান রহমান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকী।
এ ছাড়া আলোচনায় বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি আইভো ফ্রেইসেন, বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।