নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার একটি স্পর্শকাতর সময় পার করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বর্তমান সরকার ক্ষমতায় আসেনি। নানা বাস্তবতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে সরকারকে এগিয়ে যেতে হচ্ছে। দেশের মানুষ সরকারের পাশে থাকলে এ পরিস্থিতি মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আন্দালিভ রহমান পার্থ বলেন, বর্তমান সময়কে কোনোভাবেই স্বাভাবিক সময় বলা যায় না। বিভিন্ন দিক বিবেচনায় সরকার একটি স্পর্শকাতর সময় পার করছে। এ পরিস্থিতিতে সরকারের জন্য জনগণের সহযোগিতা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, দেশের মানুষ সরকারের সঙ্গে থাকলে সরকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে পারবে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ফ্যাসিজম প্রতিষ্ঠার চেষ্টার অভিযোগ
বুদ্ধিবৃত্তিক পরিসর থেকে কেউ ফ্যাসিজম প্রতিষ্ঠার চেষ্টা করলে তাদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, চিন্তা ও চেতনায় কেউ স্বৈরাচারকে সমর্থন করলে সেটি তার নিজস্ব দৈন্যতা। তবে কোনো ব্যক্তির কর্মকাণ্ড যদি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পৌঁছে যায়, তাহলে সামাজিকভাবে বয়কটের পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে
ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের কয়েকটি স্থানে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের বিষয়েও কথা বলেন আন্দালিভ রহমান পার্থ।
তিনি জানান, এসব অনুষ্ঠান নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সরকার পর্যালোচনা করছে।
তথ্যমন্ত্রী বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে একদিকে যেমন মানুষের বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন, অন্যদিকে জননিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।