
নাটোর প্রতিনিধি:
নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে একক সিদ্ধান্তে নাটোর সদর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠন এবং জেলা ছাত্রলীগের সদস্যসংখ্যা বৃদ্ধির অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলা সভাপতির একক সিদ্ধান্তে কমিটি গঠনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন এবং চলমান কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পোস্টে রিয়াজুল ইসলাম মাসুম লেখেন, “জেলা ছাত্রলীগের কমিটি দেওয়ার এখতিয়ার জেলার সভাপতির নেই, তেমনি কোনো ইউনিটের কমিটি দেওয়ার ক্ষমতাও জেলার সভাপতি বা সম্পাদক এককভাবে রাখে না।”
তিনি আরও লেখেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা করে নাটোর জেলা ছাত্রলীগকে নিয়ে যে কর্মকাণ্ড চলছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি। দলীয় গ্রুপিং বাস্তবায়নের চেষ্টা ছাড়া এ ধরনের কর্মকাণ্ডের অন্য কোনো কারণ তাঁর কাছে স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।
সাবেক এই ছাত্রনেতা আরও অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগ, স্টিয়ারিং কমিটির বর্তমান সদস্যবৃন্দ এবং সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে সমন্বয় না করেই কমিটিগুলো দেওয়া হয়েছে। তাঁর মতে, এভাবে গঠিত কমিটি বিতর্কের জন্ম দিয়েছে।
পোস্টের শেষাংশে তিনি সংকটময় সময়ে দলীয় গ্রুপিংয়ের কারণে ছাত্রলীগকে আরও বিতর্কিত না করার আহ্বান জানান।
এদিকে, কমিটি গঠনকে কেন্দ্র করে নাটোর জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ সাংগঠনিক প্রক্রিয়া ও নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ এবং সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়েছেন সমালোচনাকারীরা।
তবে এ বিষয়ে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বক্তব্য পাওয়া যায়নি।