
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের ডিজেলচালিত গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকেই নতুন ভাড়া কার্যকর হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। আর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
এ ছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, সম্প্রতি জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরিবহন মালিকেরা প্রচলিত হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন।
তবে জনস্বার্থ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, যেকোনো ধরনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করে। তাই জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে যে ব্যয় বেড়েছে, তার তুলনায় ভাড়া বৃদ্ধির পরিমাণ যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করা হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ব্যয় বিশ্লেষণ কমিটি দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
মন্ত্রী জানান, মঙ্গলবারই নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে নির্ধারিত নতুন ভাড়া কার্যকর হবে।
তিনি বলেন, জ্বালানি তেলের পাশাপাশি ডলারের দাম বাড়ার কারণে বাসের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণসহ পরিবহন খাতের বিভিন্ন ব্যয়ও বেড়েছে। এসব বিষয় পরিবহন মালিকদের পক্ষ থেকে বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে সরকার যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া নির্ধারণ করেছে বলে জানান তিনি।
নতুন ভাড়া কার্যকরের পর কোনো পরিবহন মালিক বা শ্রমিক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
তিনি বলেন, গেজেটে যে ভাড়া নির্ধারণ করা হবে, তা সবাইকে মেনে চলতে হবে। নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে জরিমানা ও জবাবদিহির আওতায় আনা হবে। প্রয়োজনে রুট পারমিট বাতিলের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে।
মন্ত্রী আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে পরিবহন ভাড়া বা অন্যান্য খাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং দূরপাল্লার বাসে ২ টাকা ২৩ পয়সা।
নতুন ভাড়া কার্যকর হওয়ায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনে যাতায়াতের খরচ আরও বাড়ল।