
স্টাফ রিপোর্টার: বাংলা সাহিত্য অঙ্গনের উদ্যোগে আয়োজিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলা সাহিত্য অঙ্গনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য অঙ্গনের উপদেষ্টা সাইদুল ইসলাম। কেন্দ্রীয় সদস্য সচিব জাকারিয়া আল হোসাইনের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখতে সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করতে হবে। গল্প, উপন্যাস, কবিতা ও অন্যান্য সাহিত্যকর্মের মাধ্যমে এ ইতিহাস মানুষের হৃদয় ও জনপদে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, বাংলা সাহিত্য অঙ্গনের এমন নান্দনিক উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য সাহিত্য সংগঠনের জন্য অনুকরণীয় মাইলফলক হয়ে থাকবে।
প্রতিযোগিতায় সারাদেশ থেকে নির্বাচিত ১০ জন লেখক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লেখকদের অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলা সাহিত্যচর্চায় তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী লেখকদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
আয়োজকরা জানান, দেশব্যাপী তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশ, সাহিত্যচর্চায় উৎসাহ প্রদান এবং সমকালীন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাহিত্যে তুলে ধরার লক্ষ্যে বাংলা সাহিত্য অঙ্গন নিয়মিত বিভিন্ন আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’ শীর্ষক গল্প লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত লেখক ও সাহিত্যপ্রেমীরা বাংলা সাহিত্য অঙ্গনের এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।