
অনলাইন ডেস্ক: রাজধানীর যোগাযোগব্যবস্থা আরও সম্প্রসারণের লক্ষ্যে তিনটি মেট্রো রেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্প তিনটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলো হলো—মেট্রো রেল লাইন-১, মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট এবং মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট।
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, তিনটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর) এবং এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর–ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী–দাশেরকান্দি) প্রকল্পটিও অনুমোদন পেয়েছে।
তিন প্রকল্পের ব্যয়
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। পরে প্রকল্পগুলোর সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।
২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।
এ ছাড়া ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথসহ মোট ১৭ দশমিক ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
তিন প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে দ্রুত ও গণপরিবহনভিত্তিক যোগাযোগব্যবস্থা আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।