
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে চারজন মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৩০ জনের মৃত্যু হলো।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে নতুন করে এক হাজার ১৭৭ জন শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ২৭০ জনে।
এ সময়ে নতুন করে ৫৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে একই সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১২৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে এক লাখ ৫২ হাজার ১১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪০০ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হলেও একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ১০০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দেশে হাম উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।