
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে ভারত সফরের বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে এবং সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা-এর নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চললেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফর হওয়ার কোনো সম্ভাবনা নেই। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ তুলে ধরবেন বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। তবে বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
জ্বালানি খাত নিয়ে মন্তব্য
সাক্ষাৎকালে দেশের জ্বালানি খাত নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি দাবি করেন, বিগত সময়ে জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তাঁর ভাষায়, অতীতে কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা হয়েছে, তা এনার্জি সেক্টর বা জ্বালানি খাতের দিকে তাকালেই বোঝা যায়।
বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনা চলছে
আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা জোট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশের এ ধরনের কোনো চুক্তিতে যুক্ত হওয়া অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বর্তমান বিশ্বে অনেক দেশ একই সঙ্গে একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেখানে প্রয়োজন, সেখানেই যুক্ত হওয়ার নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি।
বোয়িং কেনার বিষয়ে সরকারের অবস্থান
এ সময় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নেরও জবাব দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বোয়িং বিমান কিনতে হবে—এমন কোনো চাপ কেউ দিচ্ছে না। দেশের বিমান পরিবহন খাতে চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতেও আরও বোয়িং বিমান কেনা হতে পারে বলে জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেটে প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠান কাভার করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই শনিবার সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী।
সাক্ষাৎকালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী।