
ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি SVD Dragunov রাইফেল, একটি ৯ মিমি পিস্তল, ২৩২ রাউন্ড তাজা ও ফাঁকা গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অস্ত্র বহনকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদীপথে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা করছে। এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের কথা ছিল।
এর পরিপ্রেক্ষিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহজনক একটি কাঠের বোটের গতিরোধের চেষ্টা করা হলে সেটি থামার সংকেত উপেক্ষা করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে বোটটি ফেলে চক্রের সদস্যরা পালিয়ে যায়।
পরে ওই বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল, ম্যাগাজিনসহ একটি বিদেশি ৯ মিমি পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুটি তাজা ও একটি ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অস্ত্রের চালান ঘিরে তদন্ত জোরদার
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা বোটসহ উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
নাফ নদীপথে অস্ত্রের এমন চালান আটকের ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সন্ত্রাসী তৎপরতা নিয়ে নতুন করে নজরদারি বাড়ানোর বিষয়টি সামনে এসেছে।