
ডিজিটাল ডেস্ক: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৬৭। এ সময় ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।
আইকিউ এয়ারের প্রকাশিত তালিকায় ২২৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
এ ছাড়া ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং।
বায়ুর মান নির্ধারণে আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ‘ভালো’ হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
সেই হিসাবে মঙ্গলবার সকালে ঢাকার ১৬৭ একিউআই স্কোর ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে ছিল।