
মোঃ শিপন আলী, নিজস্ব প্রতিবেদক ঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়নের জোনাইল বাজার সংলগ্ন বড়াল নদীর ওপর দীর্ঘদিনের পুরনো ও ঝুঁকিপূর্ণ ব্রিজটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।
দীর্ঘদিন ধরে ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করে আসছেন। পুরনো ব্রিজটির বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয়ক্ষতি দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন জোনাইল বাজারসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করে।
স্থানীয়দের দাবি, ব্রিজটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় বর্তমানে এটি অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। নতুন ব্রিজ নির্মাণ হলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে এবং জোনাইল বাজারসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
এ বিষয়ে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ জানান, ৯ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে জোনাইল বাজারের বড়াল নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণ করা হবে। খুব শিগগিরই ব্রিজটির নির্মাণকাজ শুরু হবে।
নতুন ব্রিজ নির্মাণের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। তারা দ্রুত নির্মাণকাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন ব্রিজটি নির্মিত হলে জোনাইল বাজার ও আশপাশের এলাকার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের চলাচলে নতুন গতি আসবে।