
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের গণমানুষের অধিকার, দেশের স্বার্থ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়ে বক্তব্য তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়গুলোও বিশ্বমঞ্চে তুলে ধরবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় নিউইয়র্কের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহ্দী আমিন বলেন, ‘দেশপ্রেম, আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের ভবিষ্যৎ রূপকল্প কী হওয়া উচিত, কীভাবে বাংলাদেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে হবে এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা যাবে—সেগুলো বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ সফরে নিউইয়র্কে এসেছেন। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিনিধিত্বমূলক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বলে জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র।
মাহ্দী আমিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান, ভিশন ও পরিকল্পনা তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীও বাংলাদেশের স্বার্থ ও অধিকারের বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর এবারের সফর অত্যন্ত সংক্ষিপ্ত উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, অতীতের তুলনায় এবার খুব স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী নিউইয়র্কে অবস্থান করছেন।
তিনি জানান, যাতায়াতের দুই দিন বাদ দিলে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হাতে থাকবে মাত্র চার কর্মদিবস। এ সময়ে তিনি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বহর সম্পর্কেও তথ্য দেন মাহ্দী আমিন। তিনি বলেন, এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৩৫ জন রয়েছেন। এর বাইরে প্রয়োজনীয় মিডিয়া, নিরাপত্তা ও ব্যক্তিগত স্টাফ রয়েছেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরসঙ্গী হয়েছেন।
মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা জানিয়ে মাহ্দী আমিন বলেন, সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত থাকবেন।
এর আগে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে আয়োজিত ‘ওয়েলকাম ব্রেকফাস্ট রিসেপশনে’ অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের সম্ভাবনা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া। এ কারণে আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ সীমিত থাকবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।