
নাটোর প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, নিরলস সাধনা, দক্ষ নেতৃত্ব ও শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ নাটোর জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ।
তাঁর এই অনন্য সাফল্যে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষা বিস্তারে তাঁর দীর্ঘদিনের আন্তরিক প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব, নৈতিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষার্থীদের মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা তাঁকে একজন অনুকরণীয় শিক্ষকের মর্যাদা এনে দিয়েছে।
ড. ফাদার শংকর ডমিনিক গমেজের নেতৃত্বে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসনীয়।
নাটোর জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে তাঁর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি সেন্ট যোসেফস পরিবারের জন্যও এক গৌরবময় ও স্মরণীয় অর্জন। তাঁর এই সম্মাননা শিক্ষা অঙ্গনের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই গৌরবময় অর্জনের জন্য ড. ফাদার শংকর ডমিনিক গমেজকে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। তাঁর হাত ধরে শিক্ষার আলো আরও বিস্তৃত হবে এবং আগামী দিনের প্রজন্ম আলোকিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।