মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও অন্তত ২০ জন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।