
অনলাইন রিপোর্টার: আগামী ১৯ সেপ্টেম্বর ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লংমার্চের সার্বিক পরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি, পথনকশা এবং বিভিন্ন পর্যায়ের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় ঐক্যের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং লিয়াজোঁ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী ১৯ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়ানো এবং মাঠপর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের বিষয়েও মতবিনিময় করেন নেতারা।
বৈঠক সূত্রে জানা যায়, লংমার্চ সফল করতে ধারাবাহিক প্রস্তুতিমূলক কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচির বিভিন্ন পর্যায়ে ১১ দলীয় ঐক্যের যৌথ উপস্থিতি নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতারা ঢাকা-রংপুর লংমার্চের সার্বিক সমন্বয়, সাংগঠনিক সক্ষমতা এবং কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা পর্যালোচনা করেন। নির্ধারিত কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।