
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। ১৩ বছর বয়সী এই কিশোরের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত অনেকেই অপ্রতিমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা।
অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে।
এরপর আর বাড়িতে ফেরেনি অপ্রতিম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওইদিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
নিখোঁজের পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশে সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অপ্রতিমের মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তুহিন নামে এক যুবকের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সময় ওই যুবক অপ্রতিমের সঙ্গে ছিল বলে সূত্রগুলো দাবি করেছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটকের তথ্যও পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ বা ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো বিস্তারিতভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি ও ঘটনায় জড়িতদের বিষয়ে রোববার দুপুর ১২টার দিকে বিস্তারিত তথ্য জানানো হবে।
অপ্রতিমের এমন মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও স্থানীয় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বজন ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6