নিজস্ব প্রতিনিধি:
অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন—মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ব্যক্তিদের একটি অংশ মাদক কারবারে জড়িয়ে পড়ছে কি না, তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা বলছেন, শুধু মাদক কারবারিদের গ্রেপ্তার নয়, মাদক নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধেও স্বচ্ছ ও জবাবদিহিমূলক তদন্ত নিশ্চিত করা জরুরি। কারণ, মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তিদের একাংশ যদি মাদক কারবারে জড়িয়ে পড়ার অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে পুরো মাদকবিরোধী অভিযানই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
সাম্প্রতিক ঘটনার মধ্যে সাতক্ষীরায় মাদক কারবারিদের ধরতে অভিযান চালাতে গিয়ে মাদকসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তারের ঘটনা ঘটে।
অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন—এসব ঘটনার সময়, স্থান ও প্রেক্ষাপট আলাদা হলেও একটি বিষয় অভিন্ন, মাদকের বিরুদ্ধে আইন প্রয়োগের দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের মাদক বহন, সংরক্ষণ, সংশ্লিষ্টতা ও আইন লংঘনের অভিযোগ উঠেছে। ফলে মাদক কারবারিদের মধ্যে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ সীমাবদ্ধ থাকছে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ সামনে আসছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য মাদকসহ গ্রেপ্তার হলে শুধু সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা করাই যথেষ্ট কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি কিভাবে মাদক সংগ্রহ করলেন, কার কাছ থেকে পেলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন, তাঁর সঙ্গে আর কারা যুক্ত এবং দায়িত্ব পালনের সুযোগ ব্যবহার করে তিনি কোনো সুবিধা নিয়েছিলেন কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় আনা প্রয়োজন। শুধু মামলা দিয়ে, বরখাস্ত করে এ প্রবণতা দূর করা যাবে না। কারণ বিপুল পরিমাণ মাদকসহ কোনো বাহিনীর সদস্য গ্রেপ্তার হলে সরবরাহকারী থেকে শুরু করে পরিবহন, অর্থ লেনদেন এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তদন্তের গুরুত্ব আরো বেড়ে যায়।’
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘কোনো পুলিশ সদস্য মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত—তদন্তে এমন তথ্য বা প্রমাণ পাওয়া গেলে বিষয়টিতে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6