
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নতুন কাঠামোয় গ্রেড ও বয়সভেদে চিকিৎসা, যাতায়াত, মোবাইল, টিফিন ও ধোলাই ভাতাসহ কয়েকটি সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ি ভাতার হার কিছুটা কমানো এবং উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর সারাংশ আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের মধ্যে ভেটিং শেষ হলে চলতি মাসেই পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। তবে প্রশাসনিক কোনো জটিলতা তৈরি হলে সময়সূচি পিছিয়ে যেতে পারে।
সূত্র বলছে, ভেটিং শেষ হওয়ার পর আগামী ১৭, ২১ অথবা ২২ সেপ্টেম্বরের যেকোনো একদিন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ ভেটিং শেষ হওয়ার পর নির্ধারণ করা হবে।
নতুন পে-স্কেলের অন্যতম আলোচিত পরিবর্তন বাড়ি ভাতা। বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়ি ভাতা দেওয়া হয়। প্রস্তাবিত কাঠামোয় এ হার কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার কথা বলা হয়েছে।
ঢাকার বাইরে অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় বর্তমানে ৪০ থেকে ৫৫ শতাংশ বাড়ি ভাতা দেওয়া হয়। নতুন কাঠামোয় এ হার ৩০ থেকে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
এ ছাড়া সিটি করপোরেশন ও সাভারের বাইরে বর্তমানে ৩৫ থেকে ৫০ শতাংশ বাড়ি ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
তবে শতাংশের হিসাবে বাড়ি ভাতা কমলেও নতুন পে-স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব থাকায় ভাতার প্রকৃত টাকার পরিমাণও বাড়তে পারে। অর্থাৎ মূল বেতন বাড়ানোর মাধ্যমে মোট আর্থিক সুবিধার ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে।
উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একই গ্রেডে ১০ বছর চাকরি করলে পদোন্নতি না হলেও উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে। নতুন কাঠামোয় এই সময়সীমা কমিয়ে আট বছর করার প্রস্তাব করা হয়েছে।
তবে দ্বিতীয়বার উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে একই গ্রেডে ছয় বছর চাকরির শর্ত রাখা হচ্ছে।
পদোন্নতিযোগ্য পদে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি না পেলে চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন। অন্যদিকে, যেসব পদে পদোন্নতির সুযোগ নেই এবং ‘ব্লকড পদ’ হিসেবে বিবেচিত, সেসব পদে কর্মরতরা চাকরিজীবনে তিনবার উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ব্লকড পদে কর্মরতরা প্রথমবার আট বছর, দ্বিতীয়বার আরও ছয় বছর এবং তৃতীয়বার পরবর্তী আট বছর চাকরির পর উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন।
নতুন পে-স্কেলে চিকিৎসা ভাতায়ও পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান।
প্রস্তাবিত কাঠামোয় ৫০ বছর পর্যন্ত বয়সী চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন। ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়স পর্যন্ত এ ভাতা হবে ৪ হাজার টাকা।
পেনশনভোগীদের চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। ৬০ থেকে ৭০ বছর বয়সীরা মাসে ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সীরা ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা পাবেন।
নতুন পে-স্কেলে প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মকর্তারা মোবাইল বিলের সুবিধা পান। নতুন কাঠামোয় প্রথম থেকে পঞ্চম গ্রেডের জন্য মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
জীবনযাত্রার ব্যয় ও পরিবহণ খরচ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় কয়েকটি ভাতার পরিমাণও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামোয়—
তবে বাংলা নববর্ষ ভাতা ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পাহাড়ি ভাতা এবং হাওর, দ্বীপ ও চরভাতা মূল বেতনের ২০ শতাংশই থাকছে। তবে এসব ভাতার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতার পরিমাণ বিদ্যমান হারের তুলনায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতার কাঠামোতেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের হিসাব অনুযায়ী, নতুন পে-স্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।
প্রস্তাবিত নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে ধরা হলেও মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
তবে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় প্রস্তাবিত কাঠামোর পরিবর্তন বা সময়সূচিতে সংশোধন আসতে পারে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6