নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জাগরণ শিল্পীগোষ্ঠী-এর আয়োজনে দিনব্যাপী ‘সংগীত কর্মশালা ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করা, শিল্পীদের দক্ষতা বৃদ্ধি এবং সৃজনশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর সঙ্গীত পরিচালক ও শিল্পী ইয়াছিন আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণ শিল্পীগোষ্ঠীর অন্যতম উপদেষ্টা ও সাবেক পরিচালক কাওসার সোহেল।
দিনব্যাপী এ কর্মশালায় সংগীতের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা। সংগীতের চর্চা, পরিবেশনা ও মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। একই সঙ্গে শিল্পীদের নিয়মিত অনুশীলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক এনায়েত উল্লাহ সাইফী-এর পরিচালনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সহকারী পরিচালক শরীফ এম. এস. সালেহীন। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ।
আয়োজকরা জানান, সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রজন্মের শিল্পীদের দক্ষতা বিকাশ এবং সুস্থ ও সৃজনশীল সংস্কৃতিচর্চার প্রসারে জাগরণ শিল্পীগোষ্ঠী নিয়মিত বিভিন্ন কর্মসূচি আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় ‘সংগীত কর্মশালা ২০২৬’-এর আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এ আয়োজন সফল করতে জাগরণ শিল্পীগোষ্ঠীর দায়িত্বশীলদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেন আয়োজকরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মশালাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে সংগঠনের শিল্পীদের সংগীতচর্চায় আরও দক্ষতা ও পেশাদারিত্ব তৈরি হবে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার পথ আরও সুগম হবে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6