
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেওয়া দুই পক্ষ রোববার দুপুরে কর্মসূচি শেষ করে সরে গেছে। তবে উভয় পক্ষই আগামীকাল সোমবার আবারও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
একদিকে ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, ব্যাংকে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিক্ষোভ করেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। অন্যদিকে, চাকরিতে পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন।
দুপুর ১টার দিকে দুই পক্ষই তাদের কর্মসূচি শেষ করে ঘটনাস্থল থেকে চলে যায়। তবে আগামীকাল সোমবার পুনরায় অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে উভয় পক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংকপাড়ায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, যেকোনো আন্দোলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এমন স্থানে করার জন্য উৎসাহিত করা হচ্ছে, যেখানে মানুষের যাতায়াত তুলনামূলক কম এবং জনদুর্ভোগও কম হয়।
তিনি বলেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে দুটি পক্ষের কর্মসূচি চলছে। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে ব্যাংকের ভেতরে গিয়েছিল। তারা স্মারকলিপি দিয়ে চলে আসার পর দিনের জমায়েত শেষ হবে বলে আশা করা হয়েছিল।
ডিসি হারুন আরও বলেন, বিপুলসংখ্যক মানুষ এক জায়গায় জমায়েত হলে তাদের ছত্রভঙ্গ করতে গিয়ে অতিরিক্ত বিশৃঙ্খলা কিংবা হতাহতের আশঙ্কা থাকে। এ কারণে পুলিশ এ ধরনের বড় জমায়েত নিরুৎসাহিত করছে।
ইসলামী ব্যাংককে ঘিরে চলমান আন্দোলনের সঙ্গে সাম্প্রতিক কোনো রাজনৈতিক ঘটনা বা আওয়ামী লীগের কোনো কর্মসূচির যোগসূত্র রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।
তিনি জানান, ব্যাংকপাড়ায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6