দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ ও সারের সংকটসহ নানা সমস্যায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। জনগণের এসব কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও সরকার কথা বলার সুযোগ দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন তারা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। মানুষ কষ্ট পাচ্ছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি।”
আব্দুল মালেকের কবর জিয়ারত
শনিবার সকালে ধুনটের মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছে ডা. শফিকুর রহমান ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং তার শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
নেতাকর্মী ও স্থানীয়দের ব্যাপক উপস্থিতি
ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মানিকপোটল (মরিচতলা) গ্রামের মাদরাসা মাঠে স্থানীয় মানুষ ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে তিনি সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয় লোকজন।
এ সময় উপস্থিত মানুষের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরে ধুনটের উদ্দেশে রওনা
এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছান ডা. শফিকুর রহমান। রাতে তিনি বগুড়া সার্কিট হাউসে অবস্থান করেন। শনিবার ভোর সোয়া ৫টার দিকে সার্কিট হাউস থেকে ধুনট উপজেলার মানিকপোটল গ্রামের উদ্দেশে রওনা দেন তিনি।
সফরের অংশ হিসেবে আব্দুল মালেকের কবর জিয়ারত, পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয়দের উদ্দেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির।