siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৩:৫৯ পূর্বাহ্ণ
২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী আবারও বড় পরিসরে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে নতুন করে যেসব শিশু হামে আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগই এখনো টিকার আওতায় আসেনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান। অ্যাসোসিয়েশন ফর ডিজএবল্ড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল ঢাকা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে পর্যাপ্ত টিকা মজুত না থাকায় শুরুতে হামের প্রকোপ মোকাবিলায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তবে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এক কোটির বেশি টিকা সংগ্রহ করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছে।
তিনি জানান, এখনো যেসব শিশু হামের টিকার আওতায় আসেনি, তাদের জন্য ইউনিসেফের মাধ্যমে নতুন টিকা এসেছে। এসব টিকা ব্যবহার করে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে পুনরায় বড় পরিসরে টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বাসাবাড়িতে ফুলের টবসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। এ কারণে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।
সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ব্যাপক কার্যক্রম শুরু করেছে। শুধু রাজধানী ঢাকা নয়, সারাদেশের পাশাপাশি মফস্বল এলাকাতেও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
সেমিনারে তিনি জানান, দেশে আত্মহত্যার প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করছে। এর আগে সকালে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত একটি র্যালিতেও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।
সেমিনারে এডিপির চেয়ারম্যান রওশন আরা জামান সভাপতিত্ব করেন।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০