siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৭:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ৪:০৩ পূর্বাহ্ণ
ছাত্রদল-শিবির সংঘর্ষের পর থমথমে ইসলামী বিশ্ববিদ্যালয়
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ও চাপা আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববারও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পুলিশ সদস্যদের সক্রিয় উপস্থিতি দেখা যায়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও পুলিশ লাইনের অতিরিক্ত সদস্যরা সেখানে অবস্থান করছেন।
এদিকে ক্যাম্পাসের ভেতরে তুলনামূলক শান্ত পরিবেশ থাকলেও প্রধান ফটকের বাইরে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এবং মোটরসাইকেল শোডাউন করতে দেখা গেছে। তবে শনিবার ক্যাম্পাসের ভেতরে ও বাইরে দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগ থাকলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
থাপ্পড়ের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা
জানা গেছে, শহীদ জিয়াউর রহমান হলের হল সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা কাজী জুহায়েরকে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিনূর রহমান তাকে থাপ্পড় মারেন।
ঘটনায় থাপ্পড়ের শিকার কাজী জুহায়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা শিবিরের সেক্রেটারি। অন্যদিকে অভিযুক্ত আলিনূর রহমান আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী।
ঘটনাকে কেন্দ্র করে পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর থেকেই ক্যাম্পাসজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
ক্লাস-পরীক্ষা চললেও কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি
রোববার বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হলেও ক্যাম্পাসের বিভিন্ন আড্ডাস্থল ও সাধারণ জায়গায় শিক্ষার্থীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। শনিবারের সংঘর্ষ ও দেশীয় অস্ত্র প্রদর্শনের অভিযোগের পর অনেক শিক্ষার্থীর মধ্যে চাপা আতঙ্ক তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা জানান, দূর-দূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা তাদের প্রধান প্রত্যাশা একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ। কোনো ধরনের সংঘর্ষ, অস্ত্রের মহড়া কিংবা রাজনৈতিক সহিংসতা সেই পরিবেশকে ব্যাহত করে। তারা যেকোনো মূল্যে সংঘাতমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন
শনিবারের ঘটনার পর রাতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে। সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মামুন আল রশীদ।
কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ মোতায়েন
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, গতকালের উত্তেজনাকর পরিস্থিতির পর বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, ক্যাম্পাসের নিরাপত্তার জন্য পুলিশ লাইন থেকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার ক্যাম্পাসের ভেতরে ও বাইরে যারা দেশীয় অস্ত্র প্রদর্শন করেছে, তাদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০