siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৬, ৫:১৯ পূর্বাহ্ণ
বিশ্বরেকর্ড গড়লেন শরীফুল ইসলাম
ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের তরুণ পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার ইতিহাসের পাতায় নাম লেখালেন শরীফুল ইসলাম। ডারউইন টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ম্যাকাই টেস্টে ব্যাট ও বল—দুই বিভাগেই অনন্য কীর্তি গড়েছেন এই বাঁহাতি পেসার।
ম্যাকাই টেস্টে বাংলাদেশের টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা একের পর এক ব্যর্থ হয়ে দ্রুত সাজঘরে ফিরলেও শেষ ব্যাটার হিসেবে একপ্রান্ত আগলে রাখেন শরীফুল। ১১ নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলে তিনটি চারের সাহায্যে করেন ১৪ রান।
এই ইনিংসের মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার ১৩তম ক্রিকেটার হন শরীফুল। বাংলাদেশের হয়ে এর আগে এই কীর্তি গড়েছিলেন তালহা জুবায়ের।
তবে শরীফুলের আসল কীর্তি আসে বল হাতে। ব্যাটিং শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দুর্দান্ত বোলিং করে তিনি এমন এক রেকর্ড গড়েন, যা টেস্ট ক্রিকেটে আগে আর কোনো ক্রিকেটার করতে পারেননি।
একই টেস্ট ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর বল হাতে পাঁচ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েছেন শরীফুল। এর ফলে এই বিশেষ রেকর্ডের একমাত্র মালিক হয়েছেন তিনি।
এর আগে ফ্রেডেরিক স্পোফোর্থ, অ্যাস্টন অ্যাগার ও নাথান লায়নের মতো ক্রিকেটাররা টেস্টে ১১ নম্বরে ব্যাট করতে নেমে দলের সর্বোচ্চ রান করেছিলেন। তবে একই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি তাদের কেউ গড়তে পারেননি।
প্রথম ওভারেই জোড়া আঘাত
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বল হাতে নেমেই ভয়ংকর হয়ে ওঠেন শরীফুল। নিজের প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার দুই গুরুত্বপূর্ণ ব্যাটার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে সাজঘরে ফেরান তিনি।
তার দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এরপর চা-বিরতির পর দ্বিতীয় স্পেলে ফিরে আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শরীফুল। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে।
এরপর যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন বাংলাদেশের এই পেসার। মাত্র পাঁচ বলের ব্যবধানে বিউ ওয়েবস্টার ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে আউট করে ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং পারফরম্যান্স উপহার দেন তিনি।
এতেই পূর্ণ হয় তার পাঁচ উইকেটের মাইলফলক। পরে মিচেল স্টার্ককেও নিজের শিকারে পরিণত করে প্রথম ইনিংসে মোট ছয় উইকেট নিয়ে মাঠ ছাড়েন শরীফুল।
ব্যাট হাতে দলের বিপর্যয়ে শেষ ব্যাটার হিসেবে গুরুত্বপূর্ণ রান এবং এরপর বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে শরীফুল শুধু ম্যাচেই আলো ছড়াননি, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন অনন্য এক বিশ্বরেকর্ডের পাশে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০