শাহাদুল ইসলাম বাবু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে সরকারি আদেশ অমান্য করে ভিপি (ভস্টেড প্রপার্টি) সম্পত্তি থেকে গাছ কাটার অপরাধে মিন্টু প্রামানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আজ উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সৈয়দপুর দক্ষিণপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে মিন্টু প্রামানিক।
স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু প্রামানিক সরকারি সম্পত্তি থেকে বেআইনিভাবে চারটি গুটুল/গাবল গাছ কেটে ফেলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দণ্ডবিধির ১৮৬০ এর ২৯১/৫০ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
একই সাথে অভিযুক্ত মিন্টু প্রামানিক ভবিষ্যতে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা (মুচলেকা) প্রদান করেন। সাজা প্রদান শেষে উদ্ধারকৃত গাছগুলো স্থানীয় তহশিলদারের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আত্রাই উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ কামরুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়-আজিজ ভবন নিচতলা, ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ০১৭৭৭-৭৭৭০৮২, ০১৩৩৫-১৬২০০০
© স্বত্ব সংরক্ষিত © ২০২6